প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণ থেকে তত বিচ্ছিন্ন হবে: মঞ্জু
শাহীন ||
আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস ও নাশকতায় জড়াবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ড অব্যাহত থাকলে নাগরিক অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাও প্রধান দাবি হয়ে উঠবে।মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে আমাদের আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ। আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে।’সমাবেশে তিনি আরও বলেন, জনগণকে ভয় দেখানোর রাজনীতি পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। সহিংসতা ও নাশকতার মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়। বরং এ ধরনের কর্মকাণ্ডের কারণে নিরীহ ও অরাজনৈতিক নেতা-কর্মীরাও মামলার ঝুঁকিতে পড়তে পারেন।আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি কিংবা সন্ত্রাসের মাধ্যমে দেওয়া হবে না জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে। বোমাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তনের চেষ্টা হিতে বিপরীত হবে বলেও মন্তব্য করেন তিনি।সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে দেখা গেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা গোয়েন্দা সংস্থাগুলোর জানা ছিল কি না, তা স্পষ্ট করতে হবে। এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, সেই প্রশ্নের জবাবও দিতে হবে।তিনি আরও বলেন, সরকার যদি মনে করে পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষম হচ্ছে না, তাহলে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। এই দল ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করবে।এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী, সড়ক ও পরিবহনবিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা এবং শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস