প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার ঘটনায় রিজভীর সমালোচনা
মোঃ জাহিদুল ইসলাম , মাল্টিমিডিয়া রিপোর্টার ||
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, ছাত্র, শিশু, শ্রমিকসহ সাধারণ মানুষের প্রাণহানির ঘটনার পর শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে সংবর্ধনা পাওয়ার আশা করেন।সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।তিনি বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন। এ লক্ষ্যে তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার পাশাপাশি বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।রিজভী প্রশ্ন করেন, শেখ হাসিনা এখন কেন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তার নিজস্ব গতিতে চলবে এবং আইনও নিজস্ব গতিতে চলবে।জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা হয়তো জুলাই গণ-অভ্যুত্থানের কথা ভুলে গেছেন, কিন্তু দেশের মানুষ তা ভুলবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য তরুণের আত্মত্যাগ জাতি স্মরণে রাখবে।তাঁর অভিযোগ, তৎকালীন সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। এসব ঘটনায় তরুণ ও শিশুসহ অনেকের প্রাণহানি ঘটে। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ মানুষের মনে চিরজাগরূক থাকবে বলেও মন্তব্য করেন তিনি।৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস