প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
নানা আয়োজনে শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
||
শেরপুরে প্রতিবেদকনানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গণিত উৎসবসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, আব্দুল আওয়াল চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং সড়কদ্বীপ ও সড়কসজ্জার ব্যবস্থা করা হয়।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া সিনেমা হল ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি দিনব্যাপী শিশু পার্কগুলো উন্মুক্ত রাখা হয়।
অন্যদিকে, শেরপুর জেলা পুলিশের সহযোগিতায় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি-২০২৬। ‘গণিতকে করবো জয়’ প্রতিপাদ্য সামনে রেখে শনিবার সকালে শহরের মাধবপুর এলাকায় পুলিশ লাইন্স একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
এদিকে বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে স্থানীয় বিএনপি বনাম জেলা প্রশাসনের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার সব উপজেলাতেও নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস