প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
সাগর-রুনি হত্যা মামলা: ১৩১ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন, নতুন তারিখ ৯ ডিসেম্বর
||
জনতার প্রেস | নিজস্ব প্রতিবেদকসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারও সময় পেয়েছে তদন্ত সংস্থা। আগামী ৯ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে ১৩১ বারের মতো পিছিয়েছে আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল।বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘদিন ধরে মামলাটির তদন্তভার ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে। তবে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্ত র্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে পরিচালনার নির্দেশ দেন।দীর্ঘ এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং বিচারপ্রক্রিয়া নিয়ে এখনো অপেক্ষায় রয়েছেন নিহতদের স্বজন ও সাংবাদিক সমাজ।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস