প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
‘কফির বিল নিজের, সঙ্গটা আমার’, ভক্তদের মজার আমন্ত্রণ জানালেন জয়া আহসান
মুক্তা আক্তার , বার্তা সম্পাদক ||
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সৌন্দর্য, ব্যক্তিত্ব ও অভিনয়গুণে বরাবরই ভক্তদের মুগ্ধ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার ভক্তদের সঙ্গে কফি খাওয়ার ব্যতিক্রমী আমন্ত্রণ জানিয়ে আলোচনায় এসেছেন তিনি। তবে আমন্ত্রণের সঙ্গে জুড়ে দিয়েছেন মজার এক শর্ত—কফির বিল দিতে হবে আমন্ত্রণ গ্রহণকারীকে, আর সঙ্গ দেবেন তিনি নিজেই।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে ভক্তদের এ আমন্ত্রণ জানান জয়া। ছবিগুলোতে সাদা রঙের ক্যাজুয়াল পোশাকে দেখা যায় তাঁকে। কখনো কফির কাপ ঠোঁটের কাছে তুলে ধরেছেন, আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।ছবিগুলোর ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’অভিনেত্রীর এমন খুনসুটিপূর্ণ আমন্ত্রণ প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকে মজার ছলে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কফির বিল দেওয়ার শর্ত নিয়ে রসিকতা করেছেন, আবার কেউ অভিনেত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ নিয়ে মজার মন্তব্য করেছেন।শুভ সাহা নামের এক অনুসারী মন্তব্য করেছেন, ‘সঙ্গ না দিলেও চলবে, বিলটা দিয়া দিয়েন।’ আরেকজন লিখেছেন, ‘কফি খাবো না বুড়ির সাথে মুড়ি খাব।’ অন্য এক অনুসারীর প্রশ্ন, ‘সঙ্গী তো পেয়ে যাবে, কিন্তু বিল দেওয়ার পরও হাসি থাকবে তো?’সব মিলিয়ে জয়ার সহজ-সরল অথচ রসিকতাপূর্ণ এই আমন্ত্রণ ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। তাঁর পোস্ট ঘিরে মন্তব্যের ঘরে জমেছে নানা ধরনের মজার প্রতিক্রিয়া।উল্লেখ্য, জয়া আহসান বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা চলচ্চিত্রেও সমান জনপ্রিয়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা (পূর্বে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট নামে পরিচিত) থেকেও একাধিকবার পুরস্কৃত হয়েছেন এই অভিনেত্রী। দুই বাংলার চলচ্চিত্রে নিজের অভিনয়দক্ষতা দিয়ে তিনি আলাদা অবস্থান তৈরি করেছেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস