প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন
শাহীন ||
মাদক সেবন করতে বসে ঝগড়া বাধায় সহযোগীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন টিটু নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দিনাজপুর শহরের সিপাহীপাড়া লাইনপাড় এলাকায়।
নিহত টিটু (৪০) দিনাজপুর শহরের সিপাহীপাড়া লাইনপাড় এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের মাদকখ্যাত এলাকা সিপাহীপাড়ায় টিটু তার সহযোগীদের নিয়ে মাদক সেবন করছিলেন। এরই একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বাধলে সহযোগীরা টিটুকে ধারাল ছুরি দিয়ে পেটে ও উরুতে আঘাত করে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর জখম অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটায় টিটুর মৃত্যু ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুর নবী বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে বলেন, ঘটনাটি ঘটেছে মূলত মাদক সেবন নিয়ে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস