প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্নতা ও সবুজায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ
আবুল কালাম আজাদ ||
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন জোরদার এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এ তথ্য জানান।নাজমুল হক জানান, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোর অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ন রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মাঠ ও বাগান পরিচ্ছন্ন রাখা, বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যা এবং সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।এ ছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সহকারী প্রেস সচিব আরও জানান, জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সংসদ ভবন প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিয়মিত তদারকি, পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস