প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’
||
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার বলেছেন, শিক্ষা ও গবেষণার মূল উদ্দেশ্য হতে হবে মাঠপর্যায়ের বাস্তব সমস্যা সমাধান এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজের বিকল্প নেই। এক্ষেত্রে ‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা।’
বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের সাব-প্রজেক্ট ‘এনহান্সিং দ্য প্ল্যান্ট হেলথ ক্লিনিক ইন দ্য ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্যাথলজি অ্যান্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্ট্রেনথেনড আউটরিচ অ্যাক্টিভিটিজ’-এর আওতায় এই ক্লিনিক উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার আরও বলেন, এই ল্যাবের প্রকৃত সাফল্য তখনই আসবে যখন গবেষণা থেকে ব্যবহারযোগ্য পেটেন্ট, উন্নত জাত ও উদ্ভাবনী প্রযুক্তি তৈরি হয়ে স্থানীয় কৃষকদের সরাসরি কাজে আসবে। সে লক্ষ্যে প্রয়োজনে নিজে মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলবেন। গবেষকদের জন্য দ্রুত ল্যাব টেকনিশিয়ান নিয়োগসহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। আরও পড়ুনআরও পড়ুনসুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা
উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী ও কৃষি অনুষদের ডিন ড. মো. শহীদুল ইসলাম; এছাড়া ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-গবেষকরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস