প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন
||
আন্তর্জাতিক ডেস্কমধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি স্থানে ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি শক্তিশালী পরকম্পন অনুভূত হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ৪৬ লাখ মানুষ মাঝারি থেকে তীব্র কম্পন অনুভব করেছেন। ভূমিকম্পটির প্রভাব ব্যাপক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টার ঠিক আগে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-মধ্য পানামার পিতালোজা আর্রিবা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির কেন্দ্র।ধসে পড়েছে ভবন ও ক্যাথেড্রালের অংশসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পেনোনোমে ও সোনা শহরে ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। একটি ভিডিওতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কাউকে উদ্ধারের জন্য ডাকাডাকি করতে দেখা যায় এক ব্যক্তিকে।যাচাইকৃত আরেকটি ভিডিওতে পেনোনোমে শহরের একটি ক্যাথেড্রালের এক পাশ ও একটি চূড়া ধসে পড়তে দেখা গেছে। এ ছাড়া স্থানীয় একটি হোটেল প্রায় পুরোপুরি ধসে পড়েছে বলে আরেকটি ভিডিওতে দাবি করা হয়েছে।দক্ষিণাঞ্চলীয় হেরেরা প্রদেশের বাসিন্দা রিকার্ডো ব্রাউন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভূমিকম্পে লাস মিনাস এলাকায় তাঁর কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।৭৪ বছর বয়সী ব্রাউন বলেন, ‘আমরা আতঙ্কিত। এখানে আমরা দুজন বৃদ্ধ মানুষই থাকি। বাড়িটিতে ফাটল ধরেছে এবং আমাদের ভয় হচ্ছে, এটি যেকোনো সময় আমাদের ওপর ধসে পড়তে পারে।’ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি। তবে একের পর এক শক্তিশালী পরকম্পন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রাজধানীতে ভবন থেকে সরানো হলো মানুষকেভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রাজধানী পানামা সিটিতেও কম্পন অনুভূত হয়। এ সময় অনেক মানুষকে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। কম্পন থামা পর্যন্ত তাঁদের রাস্তায় ও আশপাশের পার্কে অবস্থান করতে দেখা যায়।রাজধানীতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু ভবনের ছাদ থেকে ধ্বংসাবশেষ খসে পড়ায় ক্ষয়ক্ষতি হয়েছে।পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, ভূমিকম্পের পরিস্থিতি মোকাবিলায় তাঁর পুরো সরকার কাজ করছে। তিনি এ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান।সুনামির আশঙ্কা নেই, সচল পানামা খালভূমিকম্পের পর প্রাথমিকভাবে পানামার প্রতিবেশী ১১টি দেশের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানায়, এ ঘটনায় সুনামির কোনো ঝুঁকি নেই।এদিকে, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে খালটির নৌ-চলাচল তদারককারী কর্তৃপক্ষ।বড় মাত্রার ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে পানামায় জাতীয় পর্যায়ে জরুরি স্থানান্তরের একটি মহড়া আয়োজনের কথা রয়েছে। এর মাত্র তিন দিন আগেই দেশটিতে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানল।এর আগে চলতি বছরের শুরুর দিকে কলম্বিয়া ও ভেনেজুয়েলাতেও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।সূত্র: রয়টার্স, ইউএসজিএস
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস