প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতাল: চট্টগ্রামের মেয়র
||
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামচট্টগ্রামে ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে সরকারি হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।শুক্রবার (৯ অক্টোবর) নগরের বায়েজিদ লিংক রোডে সাজিনাজ হাসপাতালের নতুন ১০০ শয্যার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বেলুন উড়িয়ে নতুন ভবনের উদ্বোধন করেন মেয়র।ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গু ও হামে আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ফলে সরকারি হাসপাতালগুলোকে ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসাসেবার পরিধিও বাড়ানো প্রয়োজন।সাজিনাজ হাসপাতালের সেবার মান ও রোগীবান্ধব পরিবেশের প্রশংসা করে মেয়র বলেন, হাসপাতালটি ইতিমধ্যে চট্টগ্রামের মানুষের আস্থার জায়গা তৈরি করেছে। রোগীদের চাহিদা বিবেচনায় শয্যাসংখ্যা ১০০-তে উন্নীত করতে নতুন ভবন নির্মাণ একটি প্রশংসনীয় উদ্যোগ। এ জন্য তিনি হাসপাতালটির উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, মানবসেবার লক্ষ্য নিয়ে সাজিনাজ হাসপাতালের যাত্রা শুরু হয়েছিল। আল্লাহর রহমতে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। রোগীদের বাড়তি চাহিদা পূরণে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।তিনি আরও বলেন, সাজিনাজ হাসপাতাল ইতিমধ্যে আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করেছে। ভবিষ্যতে আইএসও ১৫১৮৯ সনদ অর্জন এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের সদস্য হওয়ার লক্ষ্যেও কাজ চলছে।অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ও চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. তমিজউদ্দীন মানিক, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এবং ডা. এসএম সরওয়ার আলম।এ সময় হাসপাতালের পরিচালক মমিনুল ইসলাম, হাসান মাহমুদ চৌধুরী, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. ফারুক হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস