প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে সাইডলাইন বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
||
নিউইয়র্ক প্রতিনিধি: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান সাইডলাইন বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা ও একাধিক দেশের সরকারপ্রধানের সঙ্গে এসব বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়েছে।অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘের কার্যকর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।এ সময় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পায়।
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাসনিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ। বৈঠকে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন মানবিক বিষয়ে আলোচনা হয়।বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবিক ভূমিকা পালন করছে, বৈঠকে তার প্রশংসা করেন হাইকমিশনার। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
এরদোগানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ নিয়ে আলোচনাএদিকে নিউইয়র্কের তুর্কি হাউসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যয়ও ব্যক্ত করেন দুই নেতা।
হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকজাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রধানমন্ত্রী।পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে ধারাবাহিক এসব বৈঠকে বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার, রোহিঙ্গা সংকটের সমাধান এবং আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস