প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
||
রংপুর প্রতিনিধি | জনতার প্রেসজাতীয় স্বার্থ নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ক্ষমতায় এলেও বিএনপি জাতীয় স্বার্থের পরিবর্তে দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার পরিচালনা করছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, সরকারের স্লোগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’। কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া এবং দিল্লির সঙ্গে কূটনৈতিক আলোচনা ও নেগোসিয়েশনের ক্ষেত্রে অগ্রগতি না হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি প্রশ্ন করেন, ভূ-রাজনীতিতে বাংলাদেশ কেন তার জাতীয় স্বার্থ আদায় করতে পারছে না।তাঁর ভাষায়, এসব পরিস্থিতি থেকে বোঝা যায়, বিএনপি দেশের জাতীয় স্বার্থ নয়, বরং নিজেদের দলীয় স্বার্থ আদায়ের জন্য সরকারে গেছে।‘গণভোটের রায় এখনো বাস্তবায়ন হয়নি’গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, জনগণ গণভোটে ভোট দিলেও সেই রায় এখনো বাস্তবায়িত হয়নি। একই সঙ্গে শহীদ ওসমান হাদী হত্যার বিচার না পাওয়ার অভিযোগও করেন তিনি।সাম্প্রতিক একটি মামলার রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশে অবস্থানরত অভিযুক্তদের ক্ষেত্রে কেন মৃত্যুদণ্ডের রায় আসছে না—এ প্রশ্নের জবাব দিতে হবে। তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কার্যকর দেখতে চান বলেও মন্তব্য করেন।বিদ্যুৎ-গ্যাস-সার সংকটের অভিযোগদেশের বিভিন্ন সংকটের কথা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, সারাদেশে বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট চলছে। বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষের বড় অংশ কৃষিনির্ভর হওয়ায় এসব সংকট তাদের জীবন-জীবিকায় সরাসরি প্রভাব ফেলছে বলে দাবি করেন তিনি।একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ‘নজিরবিহীন দলীয়করণ’, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন ক্যাম্পাস ও এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে।জননিরাপত্তা নিয়ে উদ্বেগআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তাঁর দাবি, সারাদেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষের পাশাপাশি শিশু ও নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, সংসদে জবাবদিহিতা দাবি করা হলে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।‘হামলা হলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত’১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ওপর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, জোটের কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে তাঁরা পাল্টা আঘাতের জন্য প্রস্তুত। একই সঙ্গে সরকারকেও এ বিষয়ে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন তিনি।সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, পুলিশ সংস্কার কমিশন করা হয়নি এবং গুমসংক্রান্ত আইন নিয়েও প্রশ্ন রয়েছে। বিরোধীদল দমনে পুলিশকে ব্যবহারের চেষ্টা করা হলে তা ব্যর্থ হবে বলেও দাবি করেন তিনি।নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা আর কাউকে স্বৈরাচার হতে দেবে না। তাঁর অভিযোগ, বর্তমান সরকারও স্বৈরাচারী প্রবণতার দিকে এগোচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হলে রংপুরের মাটি থেকেই আবার বিদ্রোহ ও বিপ্লবের আহ্বান আসবে বলে মন্তব্য করেন তিনি।তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি১১ দলীয় ঐক্যের প্রার্থীদের সংসদ নির্বাচনে জয়ী করায় রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলে ভোট দেওয়ার কারণে রংপুরবাসী উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত হবেন—এমন কথা শোনা যাচ্ছে। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের বৈষম্য বর্তমান সরকারও অব্যাহত রেখেছে।তিনি বলেন, আট দফা দাবির অন্যতম হলো রংপুরের মানুষের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটি শুধু রাজনৈতিক স্লোগান নয়, বাস্তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।‘ঐক্যবদ্ধ থাকলে আট দফা আদায় করেই ফিরব’সমাবেশে ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবির পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম।তিনি বলেন, এসব দাবি বাস্তবায়নের জন্য জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে। ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ থাকলে আট দফা দাবি আদায় করেই তাঁরা ঘরে ফিরবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিগুলো সামনে আনা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস