প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দালালচক্রের ৩ সদস্যের কারাদণ্ড
মোঃ জাহিদুল ইসলাম , মাল্টিমিডিয়া রিপোর্টার ||
সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ছয়জন দালালকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান পরিচালিত হয়। কারাদণ্ড তিনজন হলেন মো. আলামিন, মো. রতন ও মো. খোকন মিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএতে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারকচক্র কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অসংখ্য অভিযোগ আমাদের কাছে রয়েছে। অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে মোট ছয়জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
তিনি জানান, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করা এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস