প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
নেছারাবাদে চা দোকান থেকে দোকানির মরদেহ উদ্ধার
শাহীন ||
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে মো. আবুল মল্লিক (৫৫) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি ২ নম্বর ওয়ার্ডে নিজের চায়ের দোকান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা গেছে, আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে মাঝেমধ্যে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দিত। একই সঙ্গে পরিবারে ছিল চরম অভাব-অনটন। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় তিনি আর রিকশা চালাতে পারতেন না।পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন আবুল মল্লিক। তবে দোকানের সামান্য আয়েও পরিবারের অভাব দূর হয়নি। স্থানীয়দের ভাষ্য, আর্থিক সংকটের কারণে তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যদের অনেক সময় ভিক্ষা করে সংসার চালাতে হয়েছে।নিহতের মেয়ের জামাই আবীর হোসেন জানান, মঙ্গলবার আবুল মল্লিককে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি নিজের চায়ের দোকানেই ঘুমিয়ে ছিলেন। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় স্বজনরা তাঁকে ডাকতে দোকানে যান। এ সময় দোকানের ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।স্থানীয় বাসিন্দা মো. হারুন বলেন, আবুল মল্লিক অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছিলেন। দীর্ঘদিনের অসুস্থতা ও অভাব-অনটনের কারণে পরিবারটি মানবেতর জীবন কাটাচ্ছিল।খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।জনতার প্রেস/পিরোজপুর
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস