প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
জাতীয় সংসদের সামনে ছিনতাই: রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২
||
জনতার প্রেস ডেস্করাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন রুলির মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ও তাঁর সহযোগী সেড্রিককে গ্রেপ্তার করা হয়।র্যাব জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ‘ইয়ামাহা আর-১৫’ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র্যাবের দাবি, মোটরসাইকেলটি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হয়েছিল।রোববার রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র্যাব-২-এর সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক রাকিব নামে এক যুবক। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঘটনার সময় মোটরসাইকেলটি পনি গাজীর হেফাজতে ছিল।র্যাবের দাবি, নিহত রনজিলার স্বামী আবদুল মতিন মোটরসাইকেলটি শনাক্ত করেছেন। তবে সংবাদ সম্মেলনে পনি গাজী নিজেকে নির্দোষ দাবি করেন। সাংবাদিকদের সামনে তিনি চিৎকার করে বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মিল নেই।এর আগে ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজে যে মোটরসাইকেলটির ছবি ছড়িয়ে পড়ে, সেটির রং নীল দেখা যায়। অন্যদিকে র্যাবের জব্দ করা মোটরসাইকেলটির রং সাদাকালো। এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।র্যাব বলছে, মামলার মূল সন্দিগ্ধ পনি গাজী একজন পেশাদার ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে। তবে নিহত রনজিলার ব্যাগ ধরে কে টান দিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। র্যাবের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলের মালিক রাকিব জানিয়েছেন, ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে সেড্রিক বসেছিলেন।প্রিয় শিক্ষিকাকে শেষবারের মতো দেখতে বিদ্যালয়ে শিক্ষার্থীরাএদিকে নিহত প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন রুলির মরদেহ গতকাল দুপুরে তাঁর কর্মস্থল বগুড়ার গাবতলীর বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নেওয়া হয়। প্রিয় শিক্ষিকাকে শেষবারের মতো দেখতে আগে থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।শিক্ষিকা রনজিলার মৃত্যুতে বিদ্যালয়জুড়ে নেমে আসে শোকের ছায়া। পঞ্চম শ্রেণির ছাত্রী মাহফুজা আক্তার কাঁদতে কাঁদতে জানায়, রনজিলা তাকে দুটি গাছের দায়িত্ব দিয়েছিলেন। প্রতিদিন গাছগুলোর যত্ন নেওয়ার পাশাপাশি ক্লাসের ফাঁকে অন্য শিক্ষার্থীদেরও গাছের বিষয়ে খোঁজ নিতেন তিনি।মাহফুজা আরও জানায়, যারা নিয়মিত বিদ্যালয়ে আসত না, তাদের নাম লিখে রাখতে বলেছিলেন প্রধান শিক্ষিকা। ঢাকা থেকে ফিরে ওই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জানার কথা ছিল তাঁর। কিন্তু ঢাকা থেকে ফিরলেও জীবিত ফিরতে পারেননি তিনি।আরেক শিক্ষার্থী কাকলি জানায়, রনজিলা পড়াশোনার বিষয়ে শিক্ষার্থীদের আদর ও শাসন—দুটিই করতেন। প্রায়ই শিক্ষার্থীদের চকলেট দিতেন এবং প্রতিদিন বিদ্যালয়ে পৌঁছে তাদের খোঁজখবর নিতেন।বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন, রনজিলা সাধারণত ছুটি নিতেন না। তিনি সবার আগে বিদ্যালয়ে আসতেন। ঝড়-বৃষ্টির মধ্যেও নিয়মিত স্কুলে উপস্থিত থাকতেন। পাঠদানের ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও কঠোর।৩৮ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতাবিদ্যালয় মাঠে রনজিলা পারভীন রুলির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান তালুকদারসহ স্থানীয়রা অংশ নেন।চেয়ারম্যান রোকনুজ্জামান তালুকদার বলেন, প্রধান শিক্ষিকা রনজিলা শিক্ষকতা জীবনের দীর্ঘ ৩৮ বছর এই বিদ্যালয়ে কাটিয়েছেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয় ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।স্বজনরা জানান, রোববার বিকেলে বগুড়ার দারাইল এলাকার তরফসরতাজ গ্রামে শ্বশুরবাড়িতে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।রনজিলা পারভীন রুলির আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস