প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান নুরুল হক নুরের
||
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের মাধ্যমে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ মূলধারার সাংবাদিকদের কাজের আগ্রহকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন দশমিনা-গলাচিপা আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।শনিবার (২৯ আগস্ট) রাতে দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চেক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, ফ্যান ও পানি বিশুদ্ধকরণ ফিল্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরকারি সফরে দশমিনা উপজেলায় এসে প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। পরে তিনি দুস্থ ও অসহায় পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন।আলোচনা সভা শেষে উপজেলার ৬০টি দুস্থ পরিবারের মধ্যে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি পানের সুবিধার্থে ফিল্টার ও ফ্যান বিতরণ করা হয়।অনুষ্ঠানে নুরুল হক নুর বলেন, তাঁর সঙ্গে ছবি তোলা কিংবা নির্বাচনে তাঁকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য কাজ করলেই কেউ অন্যায়-অপরাধ করে পার পাবেন না। দলীয় পরিচয় বা রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।তিনি বলেন, “বিএনপি আমাকে দশমিনা-গলাচিপা আসনে মনোনয়ন দিয়েছে, আমি এমপি হয়েছি এবং প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছেন। আমি কোনো অন্যায় মেনে নেব না—সে বিএনপি বা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীই হোক।”কাউকে অপমান বা অপদস্থ না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন রয়েছে এবং আইনের প্রয়োগও রয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতার নামে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, “কিছু মোবাইল সাংবাদিক ও পেজার সাংবাদিকতার নামে মানুষের মান-সম্মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করে থাকেন। তাঁদের প্রতিহত করতে হবে।”তিনি আরও বলেন, মূলধারার সাংবাদিকেরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য ও ভিডিও দিয়ে সহযোগিতা করে থাকেন। তাঁদের প্রতি সম্মান জানিয়ে অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।নুরুল হক নুরের ভাষ্য, অপসাংবাদিকতার কারণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন, ঢাকা দক্ষিণ মহানগর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম পঞ্চায়েত, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার, যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী দুস্থ পরিবারের সদস্যরা।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস