প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ড: পুলিশের বক্তব্য বিশ্বাসযোগ্য নয়, দাবি ঐক্য পরিষদের
আবুল কালাম আজাদ ||
রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের হত্যাকাণ্ড নিয়ে পুলিশের দেওয়া বক্তব্য বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদে বিবৃতি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।শনিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।সমাবেশে বক্তারা বলেন, একটি বিশেষ চক্র নিজেদের উদ্দেশ্য ও স্বার্থ হাসিলের জন্য শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাঁদের কাছে প্রতীয়মান হচ্ছে। প্রকৃত ঘটনা আড়াল কিংবা ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।ঐক্য পরিষদের নেতারা বলেন, হত্যাকাণ্ড নিয়ে পুলিশের দেওয়া বক্তব্য তাঁদের কাছে বিশ্বাসযোগ্য নয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদে বিবৃতি দেওয়ার আহ্বান জানান তাঁরা।তাঁদের দাবি, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা বের করে আনতে হবে। একই সঙ্গে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।নেতারা বলেন, রংপুরের এ হত্যাকাণ্ড শুধু স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নয়, সারা দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যেও আতঙ্ক তৈরি করেছে। এ ধরনের ঘটনা সংখ্যালঘুদের দেশত্যাগে প্ররোচিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।একই সঙ্গে এ ঘটনায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন ঐক্য পরিষদের নেতারা।জুলাইয়ে ৪১টি সাম্প্রদায়িক সহিংসতার দাবিসমাবেশে বক্তারা দাবি করেন, দেশে এখনো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে।ঐক্য পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে সারা দেশে অন্তত ৪১টি আংশিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।সংগঠনটির হিসাব অনুযায়ী, এসব ঘটনায় ছয়টি হত্যাকাণ্ড ও দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ছাড়া মন্দিরে প্রতিমা ভাঙচুর ও লুটপাটের ১০টি, ধর্ম অবমাননার অভিযোগে দুজনকে গ্রেপ্তার, আদিবাসীদের ওপর হামলার পাঁচটি এবং বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ১০টি ঘটনা ঘটেছে।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল‘রংপুরের হত্যাকাণ্ড রহস্যজনক: চলমান সাম্প্রদায়িক সহিংসতা থেকে সংখ্যালঘুদের মুক্তি মিলবে কোন পথে’—স্লোগানসংবলিত ব্যানার নিয়ে জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেন ঐক্য পরিষদের নেতা-কর্মীরা।পরে অর্ধশতাধিক সংখ্যালঘু নাগরিকের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও। যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা সমাবেশটি সঞ্চালনা করেন।সমাবেশে আরও বক্তব্য দেন কাজল দেবনাথ, ভিক্ষু সুনন্দপ্রিয়, মিলন কান্তি দত্ত, ডিএন চ্যাটার্জী, সাংবাদিক বাসুদেব ধর, মনীন্দ্র কুমার নাথ, জয়ন্তী রায়, পদ্মাবতী দেবী, অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য, সাংবাদিক পুলক ঘটক, অতুল মণ্ডল, দিপালী চক্রবর্তী, তাপস দাস ও দিপংকর চন্দ্র শীলসহ সংগঠনের অন্যান্য নেতারা।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস