প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
বাবার মরদেহ সামনে রেখে সংঘর্ষ, এবার বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ
Abul Kalam Azad ||
যশোরের কেশবপুরে বাবার মরদেহ সামনে রেখে জমি নিয়ে সংঘর্ষে জড়ানো সেই দুই ভাইয়ের বিরুদ্ধে এবার তাদের ৭০ বছর বয়সী বৃদ্ধা মা নুরজাহান বেগমকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিকার ও উপযুক্ত ভরণপোষণের দাবিতে বুধবার (২৬ আগস্ট) দুই ছেলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। বর্তমানে পৈতৃক ভিটা ছেড়ে উপজেলার ব্যাসডাঙ্গা গ্রামে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন নুরজাহান।
ইউএনও বরাবর দেওয়া অভিযোগে নুরজাহান বেগম বলেন, দুই ছেলে তার কোনো ভরণপোষণ দিচ্ছেন না এবং নিয়মিত দুর্ব্যবহার করছেন। এমনকি স্বামীর দাফনকাজেও ছেলেরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বৃদ্ধ বয়সে সন্তানদের এমন আচরণে তিনি নিজেকে আশ্রয়হীন ও অসহায় মনে করছেন। দুই ছেলে ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ন্যায়বিচার ও ভরণপোষণের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, বাবা খালেক মানের মৃত্যুর পর সংঘর্ষে আহত ছোট ছেলে আসাবুল ও তার স্ত্রী হালিমা খাতুন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর নুরজাহানকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ। পরে নিরুপায় হয়ে মেয়ে তাসলিমার বাড়িতে আশ্রয় নেন তিনি।
তাসলিমা বলেন, ভাইয়েরা মাকে বাড়িছাড়া করলেও তিনি মাকে ফেলে রাখবেন না। ভাইয়েরা দায়িত্ব না নিলে শেষ পর্যন্ত তিনিই মায়ের দেখাশোনার দায়িত্ব পালন করবেন।
অভিযোগের বিষয়ে সন্ন্যাসগাছা গ্রামে ছোট ছেলে আসাবুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। তবে আসাবুলের ছেলে আল আমিন দাবি করেন, তার দাদি ক্ষোভের কারণে বাড়ি ছেড়ে চলে গেছেন। তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন বড় ছেলে মাহবুবুর রহমান বলেন, মা ছোট ভাইয়ের সঙ্গে এবং বাবা তার সঙ্গে থাকতেন। তাই মায়ের দায়িত্ব দুই ভাইয়েরই যৌথভাবে নেওয়া উচিত। ছোট ভাই দায়িত্ব এড়িয়ে গেলেও তিনি নিজে মায়ের আজীবন ভরণপোষণের দায়িত্ব নেবেন বলে জানান।
এর আগে গত সোমবার ভোরে সন্ন্যাসগাছা গ্রামের বাসিন্দা খালেক মান (৭৫) মারা যান। তার মরদেহ বাড়িতে রেখেই পারিবারিক কবরস্থান ও জমির ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তার দুই ছেলে মাহবুবুর রহমান (৫২) ও আসাবুল (৪২)। এতে দুই পক্ষের চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সংঘর্ষের কারণে বাবার দাফনও আটকে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে দাফন সম্পন্ন হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে। অসহায় এই মাকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস