প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধসহ চার দফা দাবিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মানববন্ধন
মোঃ জাহিদুল ইসলাম , মাল্টিমিডিয়া রিপোর্টার ||
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ, শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, শ্রমিক ছাঁটাই বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সব খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।সভাপতির বক্তব্যে আতিকুর রহমান বলেন, “শ্রমবাজারে সিন্ডিকেট করে শ্রমিকের পকেট কাটার অপচেষ্টা করছে কুচক্রী মহল।” মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের শ্রমিকরা সেখানে কর্মসংস্থানের সুযোগ পেলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়বে।তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে দলীয়করণ ও সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিল। ২০২৪ সালের ৩১ মে সিন্ডিকেট জটিলতার কারণে ঢাকার বিমানবন্দর থেকে প্রায় ১৭ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি বলেও দাবি করেন তিনি।দীর্ঘদিন বন্ধ থাকার পর শ্রমবাজারটি পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে আতিকুর রহমান বলেন, সম্ভাবনাময় এই শ্রমবাজার আবারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ার শ্রমবাজারে কাজের সুযোগ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, দেশে দুই হাজারের বেশি রিক্রুটিং এজেন্সি রয়েছে। শ্রমিকদের বৈধ ও পছন্দের এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া উচিত।তিনি বলেন, অল্পসংখ্যক এজেন্সিকে সুযোগ দিলে আবারও সিন্ডিকেট তৈরি হতে পারে। এর ফলে বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে এবং মধ্যস্বত্বভোগীরা লাভবান হবে। সিন্ডিকেটের কারণে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুৎ সংকটদেশের শিল্পখাতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে আতিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে তিন শতাধিক কলকারখানা বন্ধ হয়েছে এবং বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়েছেন বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, গত ছয় মাসে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে প্রায় ৬২ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন। নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির পাশাপাশি বিদ্যমান কর্মসংস্থান রক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।“আমরা যে চাকরিতে আছি, যেখানে আছি, সেখানকার গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করে চাকরির নিশ্চয়তা দিন। না হলে চাকরি ছেড়ে বাসায় গিয়ে পরিবার-পরিজন নিয়ে অভিশপ্ত জীবনযাপন করতে হবে। শ্রমিকরা কখনো তা চায় না,” বলেন তিনি।দেশের শিল্প উৎপাদন কমে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তার দাবি, সংকটের কারণে উৎপাদন প্রায় ৪০ শতাংশ কমে গেছে এবং বাংলাদেশের অর্ডার প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে। তাই সব কলকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মজুরি পুনর্নির্ধারণের দাবিদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করে আতিকুর রহমান বলেন, গত কয়েক মাসে সরকার বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। “বাজারে যে আগুন লেগেছে, সেই আগুন আপনাদেরই নেভাতে হবে,” বলেন তিনি।তিনি আরও বলেন, বাজারমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো এবং শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে উদ্যোগ না নেওয়া গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের জন্য জাতীয় ও পেশাভিত্তিক মজুরি বোর্ড গঠনের দাবি জানান তিনি।চা শ্রমিকদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের চা শ্রমিকরা দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।পোশাকশিল্পসহ সব খাতের শ্রমিকদের মজুরি অবিলম্বে পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আতিকুর রহমান বলেন, শ্রমজীবী মানুষ যাতে ন্যায্য মজুরি পেয়ে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সরকারকে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, “বাজারমূল্য নিয়ন্ত্রণ করুন, বিদ্যুৎ দিন, তেল ও গ্যাসের দাম কমান, মজুরি বোর্ড গঠন করুন। এসব করতে না পারলে বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের আর সময় দেবে না।”মানববন্ধনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শ্রমজীবী মানুষ অংশ নেন।কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ ও মজিবুর রহমান ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, এস এম লুৎফর রহমান, মাওলানা মহিবুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস