প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
রেলের নামে ভুয়া অ্যাকাউন্ট, কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করল কর্তৃপক্ষ
||
বাংলাদেশ রেলওয়ের নাম বা বিভিন্ন ট্রেনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপতথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের এসব অ্যাকাউন্টের পোস্ট শেয়ার, কমেন্ট এবং সদস্য না হতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।আদেশে বলা হয়, ফেসবুক ও ইউটিউবে বাংলাদেশ রেলওয়ের নাম কিংবা বিভিন্ন ট্রেনের নাম ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। এসব অ্যাকাউন্টের অধিকাংশের প্রকৃত পরিচয় গোপন রাখা হয়েছে। এমনকি বিদেশ থেকেও রেলওয়ের নামের সঙ্গে মিল রেখে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে।রেলওয়ের অফিস আদেশে আরও বলা হয়, এসব অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন খবর প্রকাশ করা হচ্ছে। এর ফলে রেলওয়ে সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।আদেশে উল্লেখ করা হয়, রেলের কিছু কর্মকর্তা-কর্মচারীও এসব ভিত্তিহীন খবর শেয়ার ও কমেন্ট করে মতামত দিচ্ছেন এবং ছদ্মনামে পরিচালিত অ্যাকাউন্টের সদস্য হচ্ছেন।এ অবস্থায় বাংলাদেশ রেলওয়ের নাম বা নামের আংশিক ব্যবহার করে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিত্তিহীন খবর ও অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব অ্যাকাউন্টের পোস্ট শেয়ার বা কমেন্ট না করা এবং ভুয়া অ্যাকাউন্টের সদস্য না হওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস