প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
চাঁদা না দেওয়ায় পশু চিকিৎসককে মারধর, চেম্বারে ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ
আবুল কালাম আজাদ , নির্বাহী সম্পাদক ||
ময়মনসিংহ নগরীতে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক পশু চিকিৎসককে মারধর, তার চেম্বারে ভাঙচুর এবং ক্যাশ বাক্স থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার ১ মিনিট ৪৮ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে এক নারীকে চিকিৎসককে মারধর করতে এবং মহানগর ছাত্রদলের এক নেতাকে ঘটনার ভিডিও ধারণের পাশাপাশি চিকিৎসকের ওপর চড়াও হতে দেখা যায়।ঘটনার পর অভিযুক্ত মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।শনিবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পশু চিকিৎসক মো. আশিকুর রহমান। নগরীর জিলা স্কুলের পাশের একটি গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে তার চেম্বার। সেখানে বিড়ালের চিকিৎসার পাশাপাশি পোষা প্রাণীর বিভিন্ন উপকরণ বিক্রি করা হয়।অভিযোগে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি, সাকিবসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।চিকিৎসকের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। এতে তিনি প্রতিবাদ করলে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়।সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসক আশিকুর রহমানকে মারধর করছেন। এ সময় পাশে থাকা তালহাজুর রহমান মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। একপর্যায়ে তিনিও চিকিৎসকের ওপর চড়াও হয়ে তাকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ।চিকিৎসককে রক্ষা করতে এগিয়ে এলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়েছে, হামলার পর চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে চেম্বারের বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। এতে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চিকিৎসক।তবে ঘটনার পেছনে শুধু চাঁদা দাবিই নয়, ব্যক্তিগত বিরোধের বিষয়টিও রয়েছে বলে জানিয়েছেন আশিকুর রহমান। তার দাবি, প্রায় এক বছর আগে একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবের ঘটনাকে কেন্দ্র করে আফরিন রশিদ সেঁজুতির সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য এক চিকিৎসককে নিয়ে লেখালেখির পেছনে তার হাত রয়েছে—এমন ভুল ধারণা থেকেও তার ওপর হামলা হয়ে থাকতে পারে।এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এদিকে হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর নগরজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। চাঁদাবাজি, মারধর, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চিকিৎসক।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস