প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
"গাটার জেনারেশন" মন্তব্য নিয়ে কঙ্গনা-রামদেবের পাল্টাপাল্টি কটাক্ষ
মুক্তা আক্তার , বার্তা সম্পাদক ||
‘গাটার জেনারেশন’ মন্তব্যকে কেন্দ্র করে যোগগুরু ও ব্যবসায়ী রামদেবের সঙ্গে পাল্টাপাল্টি বাকযুদ্ধে জড়িয়েছেন বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। রামদেবের কটাক্ষের জবাবে এবার সামাজিক মাধ্যমে তীব্র ভাষায় নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী।বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে রামদেবকে উদ্দেশ করে কঙ্গনা বলেন, তার যৌবন কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে যেন দিবাস্বপ্ন না দেখেন। পাশাপাশি রামদেবের বিরুদ্ধে ভুয়া বা প্রতারণামূলক চিকিৎসাদ্রব্য বিক্রির অভিযোগ এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার প্রসঙ্গও তুলে আনেন তিনি।কঙ্গনা লেখেন, গুজব ও কানাঘুষার ভিত্তিতে কাউকে নিয়ে ইচ্ছেমতো ধারণা করা যায়। কিন্তু তার বিরুদ্ধে অন্তত ভুয়া বা প্রতারণামূলক চিকিৎসাদ্রব্য বিক্রির অভিযোগ নেই এবং এ কারণে সুপ্রিম কোর্টের ধমকও খেতে হয়নি। এটি কোনো গুজব নয়, বরং তথ্য রয়েছে—এমন দাবি করে রামদেবকে তাকে চরিত্রের শিক্ষা না দেওয়ার পরামর্শ দেন অভিনেত্রী।কঙ্গনার ভাষায়, ‘আমার চরিত্র আপনার চেয়ে অনেক ভালো। আমার ক্ষেত্রে কোনো প্রতারণার অভিযোগ ধরা পড়েনি।’এর আগে কঙ্গনার ‘গাটার জেনারেশন’ মন্তব্যের সমালোচনা করেছিলেন রামদেব। এক সাক্ষাৎকারে তিনি কঙ্গনার শৈশব ও যৌবন নিয়ে প্রশ্ন তোলেন এবং তার অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করেন।রামদেব বলেন, দেশের কোনো যুবককে ‘নর্দমা’ বলা বিকৃত মানসিকতার লক্ষণ। তার মতে, এ ধরনের মন্তব্য অত্যন্ত ভুল এবং কঙ্গনার দলের নেতাদেরও বিষয়টি লক্ষ্য করা উচিত।সাক্ষাৎকারে রামদেবকে মনে করিয়ে দেওয়া হয়, কঙ্গনা তার যোগাভ্যাসের অনুরাগী এবং নিজেকে সনাতনী হিসেবে পরিচয় দেন। জবাবে রামদেব বলেন, কেউ তার যোগের প্রশংসা করলেই তিনি ওই ব্যক্তির ‘পাপকাজ’ ঢেকে রাখবেন—এমনটা নয়।রামদেবের মন্তব্য প্রকাশ্যে আসার পর কঙ্গনার পাল্টা প্রতিক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সরাসরি জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির এই অভিনেত্রী-সাংসদ।দুই পরিচিত ব্যক্তিত্বের এমন পাল্টাপাল্টি মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে নানা আলোচনা। তবে ব্যক্তিগত আক্রমণ ও অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ সামনে আসায় বিষয়টি রাজনৈতিক ও সামাজিক পরিসরেও নতুন করে বিতর্ক তৈরি করেছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস