প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের বিক্ষোভ ও স্মারকলিপি
মুক্তা আক্তার , বার্তা সম্পাদক ||
রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম পাঁচ হাজার টাকা সম্মানী ভাতা নির্ধারণ এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতিসহ সাত দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে দলিল লেখক সমিতি জেলা শাখা।মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলিল লেখক সমিতির নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন স্মারকলিপিটি গ্রহণ করেন।স্মারকলিপি প্রদান শেষে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নীলফামারী দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুলাহ শাহ, সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদসহ সংগঠনের নেতারা।সমাবেশে বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের উদ্যোগকে তারা স্বাগত জানান। তবে আধুনিকায়নের নামে দীর্ঘদিনের পেশাজীবী দলিল লেখকদের পেশা থেকে সরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না। তারা দলিল লেখকদের ন্যায্য সম্মানী নির্ধারণ, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতিসহ সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।বক্তারা আরও বলেন, তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা না হলে সারাদেশে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস