প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ড: ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর গভীর শোক
আবুল কালাম আজাদ , নির্বাহী সম্পাদক ||
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান। তিনি এই অপূরণীয় ক্ষতি ও কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রিয়াদে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তকরণ এবং তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করছে।এদিকে, রিয়াদের এই অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস