প্রিন্ট এর তারিখ : ১৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিলল ৬ হাজার ইয়াবা
আবুল কালাম আজাদ , নির্বাহী সম্পাদক ||
কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় তিন মাদককারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাড়িটির ড্যাশবোর্ডের ভেতর থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার মৃত শহীদুল ইসলাম সবুজের মেয়ে সীমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার শাকিল মৃধার স্ত্রী উর্মি আক্তার ঊষা (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার শহর থেকে একটি সংঘবদ্ধ চক্র প্রাইভেট কারে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। খবর পেয়ে অধিদপ্তরের একটি দল রামুর রাবার বাগান এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রামমুখী যানবাহনে নজরদারি শুরু করে।
একপর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হলে চালক নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়।
তিনি আরও জানান, গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার পরিচিত বলে দাবি করেন। তবে তা যাচাই করে কোনো সত্যতা পাওয়া যায়নি।
পরে গাড়িটি তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবা ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ দেখিয়ে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপ-পরিচালক সোমেন মণ্ডল।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস